ফ্ল্যাশ ড্রাইভ আর ‘নিরীহ’ নয়!
কম্পিউটার সুরক্ষিত রাখার সার্থে ব্র্যান্ডহীন ইউএসবি ফ্লাশ ড্রাইভ (পেনড্রাইভ) ব্যবহারে আরও বেশি সতর্ক হতে হবে। কম্পিউটারের জন্য ক্ষতিকারক সফটওয়্যারের অভাব নেই বাজারে। তবে একটি ফ্লাশ ড্রাইভ শুধু কম্পিউটারের সফটওয়্যার নয়, হার্ডয়্যারের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, কম্পিউটারের সঙ্গে যুক্ত ইউএসবি ড্রাইভ তার সোর্স (কম্পিউটার) থেকে প্রচুর বিদ্যুৎ শক্তি সংগ্রহ করে জমা রাখে। ফ্লাশ ড্রাইভটি যখন ওই ঋণাত্বক বিদ্যুৎ শক্তি সোর্সকে ফেরত পাঠায় তখন অতিরিক্ত ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি কম্পিউটারের ক্ষতির কারণ হয়ে উঠে।
অনেক ইউএসবি কন্ট্রোলারই কম্পিউটারের প্রধান প্রসেসরের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। ত্রুটিযুক্ত ফ্লাশ ড্রাইভগুলো থেকে পাঠানো অতিরিক্ত ঋণাত্বক বিদ্যুৎ শক্তি কম্পিউটারের প্রসেসর স্থায়ীভাবে নষ্ট করে ফেলতে পারে।
এছাড়াও ‘ইউএসবি ফ্লাশ ড্রাইভ’-এর অনিয়ন্ত্রিত ব্যবহার আরও অনেক ভাবেই ঝুঁকি বাড়ায়। ব্যবহারকারীর অজান্তেই কম্পিউটারে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউএসবি ড্রাইভের নতুন এই ঝুঁকি কম্পিউটার সম্পূর্ণ অচল করে দিতে সক্ষম।
