২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপ্যাডের দুঃসময়

টানা কয়েক মাস ধরেই ‘অ্যাপল ওয়াচ’ দিয়ে প্রযুক্তিপণ্যের জগতে আলোচনার মধ্যমণি হয়ে আছে অ্যাপল। ২০১৪ সালের শেষ ভাগে নতুন দুই আইফোনের কারণে ব্যাপক আর্থিক সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে ক্রমশ বাজার হারাচ্ছে আইপ্যাড।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 05:26 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

মার্কিন বাজার বিশ্লেষক ও পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) আশঙ্কা করছে বর্তমান অবস্থা বহাল থাকলে ২০১৯ সাল নাগাদ ট্যাবলেট কম্পিউটারের বিশ্ববাজারে আইপ্যাডের দখল নেমে আসবে ২৩ শতাংশে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আইপ্যাডকে ট্যাবলেট কম্পিউটারের বর্তমান বাজারে সবচেয়ে দুর্বল প্রতিদ্বন্দ্বী বলে চিহ্নিত করেছে আইডিসির বিশ্লেষক জিতেশ উবরানি। ২০১৫ সালে বিশ্বব্যাপী বিক্রি হওয়া আইপ্যাডের সংখ্যা ৬ কোটি ১০ লাখে নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। যা ২০১৪ সালের তুলনায় ৫ শতাংশ কম।

এই নিয়ে টানা ৪ প্রান্তিকে আইপ্যাডের বিক্রি হ্রাস পেল, জানিয়েছে বিবিসি।

বাজার বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে আইপ্যাড ৬ প্লাসের মতো ‘ফ্যাবলেট’ স্মার্টফোনের জনপ্রিয়তার বিপরীতে শক্ত অবস্থান ধরে রাখতে পারছে না ট্যাবলেট কম্পিউটারগুলো। ট্যাবলেটের বদলে ক্রমশ বড় ডিসপ্লের স্মার্টফোনের দিকেই ঝুঁকছেন ক্রেতারা।

অন্যদিকে অ্যাপল ১২.৯ ইঞ্চি ডিসেপ্ল নতুন আইপ্যাড নিয়ে কাজ করছে এমন গুজব শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। ধারণা করা হচ্ছে নতুন আইপ্যাড কর্পোরেট ক্রেতাদের প্রয়োজন মাথায় রেখে ডিজাইন করছে অ্যাপল।