২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির বাফটা জয়

ব্রিটিশ অ্যাকাডেমি গেইম অ্যাওয়ার্ডস ২০১৫-তে ‘বেস্ট গেইম’-এর পুরস্কার জিতে নিয়েছে ফার্স্ট-পারসন শুটার গেইম ডেসটিনি। তবে মনোনয়ন পাওয়া অন্য কোনো ক্যাটেগরির পুরস্কার পায়নি আলোচিত গেইমটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 05:25 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

একাধিক ক্যাটেগরিতে মনোনয়ন সত্ত্বেও কেবল ‘বেস্ট গেইম’-এর অ্যাওয়ার্ড ডেসটিনির ঘরে যাওয়ায় ব্রিটিশ বার্তাসংস্থা পুরো ঘটনাকে ব্যাখ্যা করেছে ডেসটিনির ‘বাফটা সারপ্রাইজ’ হিসেবে।

পুরস্কার ঘোষণার সময় বিস্মিত হয়েছেন উপস্থিত দর্শকদের অনেকেই। তবে ‘বেস্ট গেইম’ অ্যাওয়ার্ডের জন্য কৃতিত্ব যাচ্ছে গেইমিটির নির্মাতা বানজির ডেভেলপারদের ঘরেই।

বিবিসি জানিয়েছে এবারের বাফটার পুরোটা জুড়েই ছিল নানা চমক। কোনো পুরস্কার ছাড়াই ফিরতে হয়েছে অ্যাসাসিনস ক্রিড ইউনিটি, মারিও কার্ট ৮ এবং কল অফ ডিউটি: অ্যাডভান্স ওয়ারফেয়ার-এর মতো ‘হাই-প্রোফাইল’ গেইমের নির্মাতাদের।

ফিফা ১৫ এবং ফোরজা হরাইজন ২-কে টপকে ‘বেস্ট স্পোর্ট ভিডিও গেইম’ পুরস্কার জিতে নিয়েছে লন্ডনভিত্তিক ভিডিও গেইম নির্মাতা রোল৭-এর কম বাজেটের স্কেট বোর্ডিং গেইম ‘ওলিওলি’।

এমনকি হলিউড তারকা কেভিন স্পেসিকে টপকে টানা দ্বিতীয়বারের মতো ‘বেস্ট পারফর্মেন্স’ অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেত্রী অ্যাশলি জনসন।