টুইটারে নতুন প্রাইভেসি পলিসি
বুধবার প্রাইভেসি পলিসি আপডেট করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। নতুন নীতিমালায় কারও অনুমতি ছাড়া ‘যৌন স্পর্শকাতর’ ছবি বা কনটেন্ট পোস্ট করায় ব্যবহারকারীদের নিরুৎসাহিত করা হয়েছে কড়া ভাষায়।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাইভেসি পলিসি আপডেটে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ‘অ্যাবিউসিভ বিহেভিয়ার পলিসি’ পেইজে। আগে কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য পোস্ট করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও এবার ছবি আর কনটেন্টের ক্ষেত্রেও যোগ করা হয়েছে একই বিধিনিষেধ।
কোনো টুইট ‘রিপোর্ট’ করলে, অভিযোগকারীকে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে বলে ম্যাশএবলকে জানিয়েছেন এক টুইটার মুখপাত্র। টুইটার এরপর ওই অভিযোগ রিভিউ করে সিদ্ধান্ত নেবে অভিযুক্ত টুইট সাইটটির নীতিমালা ভঙ্গ করছে কি না। অভিযোগ প্রমাণিত হলে ওই টুইট ‘হাইড’ করে ফেলা হবে। এবং ওই টুইট মুছে না দেওয়া পর্যন্ত টুইটকারী তার অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারবেন না।
এ ধরনের অভিযোগ পর্যলোচনা করার জন্য টুইটারের ‘ট্রাস্ট অ্যান্ড সেইফটি টিম’ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা কাজ করবে বলে নিশ্চিত করেছে মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষ।
