১০ লাখ নারীচালক নিয়োগ উবার-এ
২০২০ সালের মধ্যে ১০ লাখ নারীচালক নিয়োগ দেবে পরিবহন সেবাদাতা স্টার্টআপ উবার। মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, নারীচালক নিয়োগের এই উদ্যোগটি জাতিসংঘের অঙ্গসংস্থা ‘ইউএন ওমেন’ ও উবারের যৌথ অংশীদারিত্বের ফলাফল।
এ প্রসঙ্গে উবার-এর প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক এবং ইউএন ওমেনের নির্বাহী পরিচালক ফুমজিল ম্লাম্বো-এনজুকা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “এটি এমন একটি লক্ষ্য, যা তখনই অর্জিত হবে যখন সকল নারী নিরাপদ ও ন্যয়সঙ্গত আয়ের সুযোগে অবাধ অধিকার পাবেন।”
২০০৯ সালে প্রতিষ্ঠিত উবার বর্তমানে ২৯০টিরও বেশি শহরে পরিবহন সেবা দিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির মোট এক লাখ ৬০ হাজার গাড়িচালক রয়েছেন, যার মধ্যে ১৪ শতাংশ চালক নারী বলেই জানিয়েছে ম্যাশএবল।
