তুরস্কে মাইনক্রাফট বিতর্ক
তুরষ্কে জনপ্রিয় আর্কেড গেইম মাইনক্র্যাফ্টকে নিষিদ্ধ করার প্রস্তুতি চলছে এমন খবর প্রকাশিত হওয়ার পর তদন্তে নেমেছে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। আলোচনার ঝড় উঠেছে শিশুদের উপর গেইমটির প্রভাব নিয়ে।
তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির পরিবার ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক গবেষণার ফলাফল অনুযায়ী ‘সহিংস’ আচরণে উৎসাহ জোগায় মাইনক্রাফট গেইমটি।
বিবিসি জানিয়েছে, নয় বছর বয়সী এক শিশুর উপর মাইনক্রাফটের প্রভাব বিশ্লেষণ করে গেইমটি সহিংস আচরণে উৎসাহিত করে বলে মন্তব্য করেছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ। বলা হচ্ছে শিশুদের সামাজিক বিচ্ছিন্নতার কারণ হতে পারে গেইমটি।
মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, “বাস্তব জগতের সঙ্গে মাইনক্র্যাফটের ভার্চুয়াল জগতকে মিলিয়ে ফেলতে পারে বাচ্চারা। ফলে তাদের মনে হতে পারে পশুপাখিদের উপর অত্যাচার করলে তারা কোনো ব্যাথা পায়না।”
মন্ত্রণালয়ের আইন বিভাগকে ইতোমধ্যেই গেইমটিকে নিষিদ্ধ করার জন্য আইনী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরষ্কের একটি সংবাদপত্র।
বিবিসি জানিয়েছে, এই ইসুতে তুরষ্কের সরকার কি পদক্ষেপ নেবে তা নিয়ে শোনা যাচ্ছে মিশ্র খবর। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত তুর্কি দূতাবাসের মুখপাত্র ফাতিহ ওক বলেন, “গেইমটি নিষিদ্ধ করা হয়নি এবং হবেও না। আমি জানি তুর্কি সংবাদমাধ্যমগুলোতে গেইমটিকে নিষিদ্ধ করে দেয়ার কথা বলা হচ্ছে, তবে তা সঠিক নয়। ওই শিশুর পরিবার কিংবা ওই মন্ত্রণালয়ের গেইমটিকে নিষিদ্ধ করার কোনো ক্ষমতা নেই।”
