২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাউজারেই স্যামসাংয়ের ‘মিল্ক মিউজিক’

এখন পিসির ওয়েব ব্রাউজারেই চলবে স্যামসাংয়ের মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘মিল্ক মিউজিক’। এতদিন শুধু স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন-ট্যাবলেট, গিয়ার এস স্মার্টফোন আর স্মার্টটিভিতে ব্যবহার করা যেত এই স্ট্রিমিং সেবা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 07:35 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস জানিয়েছে, স্যামসাং ডটকমে অ্যাকাউন্ট আছে এমন যে কেউ চাইলেই এই ‘ফ্রিমিয়াম ওয়েব প্লেয়ার’ অ্যাকসেস করতে পারবেন। ২০১৪ সালে মিল্ক মিউজিক চালু করেছিল দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি।

গান শোনার সময় শ্রোতা যে অ্যালবামের গান শুনছেন সেটির অ্যালবাম আর্ট দেখাবে ওয়েব প্লেয়ারটি। পজ, স্কিপ ও ফেভার বাটনও থাকবে এতে। সেই সঙ্গে বিশেষ স্লাইডারের ১৭টি ধারার সঙ্গীত থেকে শ্রোতা বেছে নিতে পারবেন তার পছন্দের গান।

‘মিল্ক মিউজিক’ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এমনকি এতে নেই কোনো বিজ্ঞাপনও। তবে একবারে ৬টির বেশি গান স্কিপ করতে চাইলে ৩.৯৯ ডলারের বিনিময়ে ইচ্ছে মতো গান স্কিপ করার ফিচার চালু করে নিতে হবে।