উইন্ডোজ ১০-এ ফ্রি এক্সবক্স লাইভ
উইন্ডোজ ১০ থেকে অনলাইনে মাল্টিপ্লেয়ার গেইমিং সার্ভিস এক্সবক্স লাইভ ব্যবহার করা যাবে বিনামূল্যে। সম্প্রতি টুইটারে এক ভক্তের প্রশ্নের উত্তরে এই খবর নিশ্চিত করেছেন এক্সবক্স লাইভ প্রধান ল্যারি হার্ব।
মার্চ মাসের প্রথম সপ্তাহেই উইন্ডোজ ১০-এ এক্সবক্স লাইভ ব্যবহার করা যাবে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ঘোষণার পর গেইমারদের মধ্যে খানিকটা হলেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল উইন্ডোজ ১০-এ এক্সবক্স লাইভ ব্যবহারের প্রক্রিয়া নিয়ে।
হার্বের টুইটার পোস্টে দূর হয়েছে সেই বিভ্রান্তির অনেকটাই। উইন্ডোজ ১০ ওএসের মোবাইল ও পিসিতে ‘এক্সবক্স লাইভ গোল্ড’ সাবস্ক্রিপশনের কোনো প্রয়োজন হবে না বলেই জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আগামী কয়েক মাসের মধ্যেই বেশ কিছু পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
