২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শুধুই ‘ম্যাকবুক’

৯ মার্চের ইভেন্টে নতুন ‘ম্যাকবুক’ ল্যাপটপ উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। প্রচলিত ‘ম্যাকবুক প্রো’ বা ‘ম্যাকবুক এয়ার’ সিরিজের অংশ নয় নতুন ল্যাপটপটি। ১৩.১ মিলিমিটারের ল্যাপটপটিকে বলা হচ্ছে অ্যাপলের সবচেয়ে পাতলা নোটবুক।    

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট ম্যাশএবল জানিয়েছে, নতুন ম্যাকবুকে আছে নতুন ডিজাইনের কিবোর্ড। আছে একটি ইউএসবি-সি পোর্ট। ওই এক পোর্ট দিয়েই চার্জ করা যাবে ডিভাইস, জুড়ে দেওয়া যাবে বাড়তি ইউএসবি ডিভাইস আর ডিসপ্লে।

বাজারে প্রচলিত ম্যাকবুকের সবগুলো মডেলেই আছে রুপালি কেসিং। তবে নতুন ম্যাকবুক রূপালি ছাড়াও সোনালি ও ধূসর রঙের কেসিংয়ে কিনতে পাওয়া যাবে। ১২ ইঞ্চির রেটিনা ডিসপ্লে আছে নতুন ম্যাকবুকে, ওজন ২ পাউন্ড।

চলতি বছরের ১০ এপ্রিল থেকে নতুন ম্যাকবুকের দুটি সংস্করণ বাজারজাত শুরু করবে অ্যাপল। ১.১ গিগাহার্টজ ডুয়েল-কোর ইন্টেল কোর এম প্রসেসর, আট জিবি মেমোরি, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫৩০০ আর ২৫৬ জিবি ফ্ল্যাশ স্টোরেজের সংস্করণটির দাম হবে ১২৯৯ মার্কিন ডলার।

আর ১.২ গিগাহার্টজ প্রসেসরের সংস্করণটির দাম হবে ১৫৯৯ মার্কিন ডলার। দুটি মডেলেই একবারের চার্জে টানা নয় ঘন্টা ব্যবহার করা যাবে বলে দাবি করেছে অ্যাপল।