২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপব্যবহার ঠেকাতে টুইটারের প্রচেষ্টা

নানাভাবে টুইটার অ্যাকাউন্টের অপব্যবহারই এখন সবচেয়ে বড় ‘মাথা ব্যাথা’ হয়ে দাঁড়িয়েছে মাইক্রোব্লগিং সাইটটির জন্য। বিভিন্ন অ্যাকাউন্টের নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধে ‘টুইটার অ্যাবিউজ’ ঠেকানো দায়িত্বে থাকা কর্মীদের সংখ্যা ছয় মাসে তিন গুণ বাড়িয়েছে টুইটার কর্তৃপক্ষ।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 06:25 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, গত ছয় মাসে টুইটারের মাধ্যমে নানা নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ বেড়েছে পাঁচগুণ। এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে টুইটার।

নিয়ম-ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার থেকে নতুন পদ্ধতি প্রক্রিয়া অনুসরণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি টুইটার।

টুইটারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “নিয়ম মেনে চলা অধিকাংশ টুইটার ব্যবহারকারী নতুন এই পদক্ষেপের আলামত পাবেন না। কিন্তু নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমাদের নীতিমালার অপব্যবহারে নিরুৎসাহীত করার সুযোগ দেবে নতুন প্রক্রিয়া।”

দ্যা ভার্জের ভাষ্যমতে, যেসব ব্যবহারকারী অন্যদের বারবার হয়রানি করছেন তাদের ফোন নম্বর ট্র্যাক করবে প্রতিষ্ঠানটি।

মার্চ মাসের শুরুতেই টুইটার প্রধান ডিক কস্টোলো এই সমস্যা সমাধানকে তার ব্যাক্তিগত দায়িত্ব বলে স্বীকার করে নেন। আর এ পরিস্থিতি সামাল দিতে আরও বিনিয়োগের আশ্বাস দেন তিনি।