২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্যাট’ ইমোজি সরাতে পিটিশন

স্ট্যাটাস আপডেট অপশন থেকে ‘ফিলিং ফ্যাট’ অপশন ও ইমোজি সরানোর দাবিতে পিটিশন চালু করেছেন ফেইসবুকের ‘বডি-ইমেজ অ্যাক্টিভিস্টরা’। ‘চেইঞ্জ ডটঅর্গ’ সাইটের খোলা ওই পিটিশনে ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী স্বাক্ষর করেছেন।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট ম্যাশএবল জানিয়েছে, বর্তমানে ফেইসবুকের স্ট্যাটাস আপডেটের তালিকায় থাকা ‘প্রিসেট’ অপশনগুলোর মধ্যে একটি হচ্ছে ‘ফিলিং ফ্যাট’। ‘এনডেঞ্জার্ড বডিস’ নামের একটি সংস্থা এটি সরাতে প্রথম পদক্ষেপ নেয়। এই স্ট্যাটাস প্রিসেট ও ‘ইমোজি’ দেহাকৃতি নিয়ে বিদ্রূপ করতে উৎসাহ দেয় বলে মনে করেন তারা।

ওই আবেদনে বলা হয়েছে, “যখন কোনো ফেইসবুক ব্যবহারকারী ‘ফিলিং ফ্যাট’ স্ট্যাটাস দেন, তখন যারা নিজের বাড়তি ওজন নিয়ে চাপের মধ্যে আছেন তাদেরকে বিদ্রূপ করা হয়।” আরও বলা হয়, “এটা কোনোভাবেই ঠিক নয়। ‘চর্বি’ কোনো অনুভূতি নয়। চর্বি আমাদের শরীরের একটি অংশ। আর সব ধরনের শরীরের মানুষই সম্মান ও যত্ন পাওয়ার অধিকার রাখেন।”

দুই সপ্তাহের মাথায় এই আবেদনে ১৪ হাজার ৩শ’ ৪৬ ব্যবহারকারী স্বাক্ষর করেছেন। সেই সঙ্গে, টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ফ্যাটইজনটএফিলিং লিখে এই আবেদনে সমর্থন করছেন অনেকে।