২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআর জোয়ারে এইচটিসি

ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) পণ্য নির্মাণের জোয়ারে যোগ দিয়েছে এইচটিসি। স্পেইনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘এইচটিসি রি ভাইভ’ ভিআর হেডসেটের পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। পিসি গেইম নির্মাতা ভালভের সঙ্গে জোট বেঁধে হেডসেটটি বানিয়েছে ওই তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, জাইরোস্কোপ, অ্যাক্সেলেরোমিটার ও লেজার সেন্সর সহ একাধিক সেন্সর থাকবে ‘রি ভাইভ’-এ। সেন্সরগুলো শুধু ব্যবহারকারীর মাথার নড়াচড়া নয় বরং আশপাশের সবকিছুই ট্র্যাক করবে।

দুই চোখের জন্য ১২০০ বাই ১৮০০ পিক্সেলের দুটি আলাদা স্ক্রিন থাকবে ‘রি ভাইভ’-এ। প্রতি সেকেন্ডে ৯০টি ফ্রেম রিফ্রেশ করতে পারবে স্ক্রিনগুলো। হেডফোনের জন্য রয়েছে অডিও জ্যাক। দুই হাতের জন্য থাকবে আলাদা গেইম কন্ট্রোলার।

চলতি বছরেই ভিআর হেডসেটটির ডেভেলপার এডিশন বাজারজাত করার লক্ষ্য নিয়ে কাজ করছে এইচটিসি। ২০১৫ সালের শেষ নাগাদ সাধারণ ব্যবহারকারীদের ব্যবহার্য সংস্করণটি বাজারজাত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।