২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২০ সালেই অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি!

আন্তর্জাতিক প্রযুক্তিপণ্যের বাজারে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই জোর গুঞ্জন চলছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি নিয়ে। কেউ বলছেন কখনোই আলোর মুখ দেখবে না এই গাড়ি, আবার কেউ কেউ আশাবাদী এ বিষয়ে। রীতি অনুাযায়ী মুখে কুলুপ এঁটে রেখেছে অ্যাপল। তবে নতুন গুঞ্জন, ২০২০ সালেই বাণিজ্যিক উৎপাদন শুরু হবে গাড়িটির।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 05:12 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

ব্যবসা-বাণিজ্যভিত্তিক মার্কিন সংবামমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে গাড়িটির নির্মাণ কাজ শেষ করতে কর্মকর্তাদের চাপ দিচ্ছে অ্যাপল। ওই প্রতিবেদন সঠিক হলে টেসলা এবং জেনারেল মটোর্সের (জিএম) মতো প্রতিষ্ঠিত অটোমোবাইল নির্মাতার তৈরি নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ির বিপরীতে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করবে অ্যাপলের গাড়িটি।

টেসলা ও জিএম, উভয় প্রতিষ্ঠান ২০১৭ সালে নতুন মডেলের যে বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করার পরিকল্পনা করেছে সেটি একবারের চার্জে ২০০ মাইল চলতে পারবে।  বিক্রয় মূল্য ৪০ হাজার মার্কিন ডলারের কম হবে গাড়িটির।

ফেব্রুয়ারির ২য় সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি বানানোর পরিকল্পনা নিয়ে আলোচনার ঝড় উঠেছে প্রযুক্তিপণ্যের বাজারে। প্রতিষ্ঠানটি গাড়ি তৈরির কার্যক্রম পরিচালনার জন্য শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়োগ দিচ্ছে এবং আরও প্রায় এক হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।