১৯শ’ কোটি ডলারে স্ন্যাপচ্যাট!
১৯শ’ কোটি ডলার বাজারমূল্যের লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করছে জনপ্রিয় ফটো মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। ৫০ কোটি ডলারের নগদ তহবিল সংগ্রহ করতে চাইছেন স্ন্যাপচ্যাট প্রতিষ্ঠাতা ইভান স্পিগেল। বিনিয়োগকারীরা স্ন্যাপচ্যাট নিয়ে যে আগ্রহ দেখিয়েছেন তাতে প্রতিষ্ঠানটি সহজেই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।
২০১৩ সালে ফেইসবুকের ৩শ’ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন স্ন্যাপচ্যাট প্রতিষ্ঠাতা, সেসময়ের ২২ বছর বয়সী তরুণ ইভান স্পিগেল। বলা হয়ে থাকে, স্ন্যাপচ্যাট কিনতে ব্যর্থ হয়ে হোয়াটসঅ্যাপ কেনে ফেইসবুক।
আর্থিক গবেষণা প্রতিষ্ঠান প্রিভকোর প্রধান স্যাম হামাদেহ-এর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের বাজারমূল্য ১৯শ’ কোটি ডলার হওয়ায় নিজেদের ক্ষেত্রেও একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্ন্যাপচ্যাট।
এই লক্ষ্যমাত্রা অনেকটা অযৌক্তিক মনে হলেও ভেঞ্চার ক্যাপিটালিস্ট, বিদেশি বিনিয়োগকারীসহ বিভিন্ন ধরনের বিনিয়োগ তহবিল থেকে স্ন্যাপচ্যাট ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছেন হামাদেহ। ফলে প্রতিষ্ঠানটি ১৯’শ কোটি ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও সহজেই এর খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি।
এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে স্ন্যাপচ্যাট।
১৯’শ কোটি ডলার বাজারমূল্যের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের বিনিয়োগকৃত বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে স্ন্যাপচ্যাট।
