রাশিয়ায় তদন্তের মুখে গুগল
রাশিয়ায় তদন্তের মুখে পড়তে যাচ্ছে ওয়েব জায়ান্ট গুগল। ‘রাশিয়ান ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস (এফএএস)’-এর কাছে মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাজারে অনৈতিক সুবিধা আদায় করার অভিযোগ এনেছে দেশটির শীর্ষ সার্চ ইঞ্জিন ইয়ানডেক্স।
ডিভাইস নির্মাতারা ইয়ানডেক্সের প্লে স্টোর প্রি-ইনস্টল করতে চাইলেও গুগল তার নিজস্ব সেবা ডিফল্ট সার্চ সেটিং হিসেবে রাখার জন্য চাপ দিয়ে অনৈতিক সুবিধা আদায় করে নিচ্ছে বলে রাশিয়ান শীর্ষ সার্চ ইঞ্জিন কর্তৃপক্ষের অভিযোগ-- জানিয়েছে বিবিসি।
এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি গুগল। এফএএস-এর কাছে করা অভিযোগপত্র এখন গুগলের হাতে পৌঁছায়নি বলে জানিয়েছে বিবিসি।
এর আগে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে গুগলের ‘ট্রোজান হর্স’ আখ্যা দিয়ে ইউরোপিয়ান কমিশনের কাছে একই ধরনের অভিযোগ করেছিল মাইক্রোসফটসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। গুগলের কাছ থেকে ওই অভিযোগ নিয়ে কোনো সদুত্তর না মিললে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে ২০১৪ সালে জানিয়েছিল ইউরোপিয়ান কমিশন।
ইতোমধ্যে গুগলের সার্চ ইঞ্জিন আর বিজ্ঞাপন ব্যবসা নিয়ে তদন্ত চলছে ইউরোপে।
