২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল পেমেন্ট সেবায় স্যামসাংও

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘অ্যাপল পে’-এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘লুপপে’কে কিনে নিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। বুধবার মালিকানা হাতবদলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো এ সংশ্লিষ্ট গুজব শোনা যায় প্রযুক্তি বাজারে। মালিকানা হাতবদলের চুক্তির শর্তগুলো গোপন রেখেছে উভয় প্রতিষ্ঠান।

লুপপের দুই সহ-প্রতিষ্ঠাতা স্যামসাংয়ে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট। তবে লুপপের অন্য কর্মীদের ভবিষ্যত কী হবে তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ম্যাশএবল।

২০১২ সালে প্রতিষ্ঠিত লুপপে ব্যবহারকারীদের স্মার্টফোনের মাধ্যমে লেনদেনের সেবা দেয়। মোবাইল পেমেন্টের জন্য নিয়ার-ফিল্ড কমিউনিকেশনস (এনএফসি) প্রযুক্তি ব্যবহার করা হয় অ্যাপল পে সেবায়। আর লুপপে ব্যবহার করে ম্যাগনেটিক সিকিউর ট্রান্সমিশন (এমএসটি) প্রযুক্তি।

লুপপের আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মনির্ভর অ্যাপে নিজেদের ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষণ করেন ব্যবহারকারীরা। বলা হয়ে থাকে অ্যাপল পের তুলনায় ব্যবহারবান্ধব সেবা দেয় লুপপে।