২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ টেকিদের সঙ্গে শীতল সম্পর্ক ওবামার

সাইবার হুমকি ঠেকাতে শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সাইবার সিকিউরিটি সম্মেলনে স্বাক্ষর করা এ আদেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 06:43 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট ম্যাশএবল জানিয়েছে, ওই সম্মেলনে অ্যাপল বাদে দেশটির বেশিরভাগ টেক জায়ান্ট প্রতিষ্ঠানের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গুগল, ফেইসবুক, ইয়াহু আর মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানপ্রধানেরা বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

এই অনুপস্থিতির মাধ্যমে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিবাদ ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এক বক্তৃতায় ওবামা ডেটা নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখলেও রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ বা এনএসএ’র গুপ্তচরবৃত্তি নিয়ে ওবামা প্রশাসনের সঙ্গে টেক জায়ান্টদের বিরোধ বেড়ে যায়।

গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড, ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, ইয়াহু প্রধান মেরিসা মায়ার, মাইক্রোসফটের প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলার মতো প্রযুক্তিখাতের ক্ষমতাধররা সরকারী নজরদারি ব্যবস্থা নতুন করে গঠন করতে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছেন।

এনএসএ-এর সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন সংবাদ মাধ্যমের কাছে অত্যন্ত গোপন তথ্য ফাঁস করে দেয়ার ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিল গুগল, মাইক্রোসফট আর ইয়াহুর মতো প্রতিষ্ঠানগুলো। এরপর থেকে গ্রাহদের আস্থা ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোকে নিতে হয় বাড়তি পদক্ষেপ।

বেশিরভাগ বড় প্রতিষ্ঠান প্রধানেরা উপস্থিত না থাকলেও অ্যাপল প্রধান টিম কুক ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে তিনি অ্যাপল পে-এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের অংশিদারিত্বের কথা জানান। তবে, অ্যাপল এখনও বারবার সরকারি কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। কুক নিজেও সম্মেলনে প্রাইভেসির গুরুত্ব নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের গ্রাহকদের আস্থাই আমাদের কাছে সব। শুরু থেকেই আমাদের প্রতিটি পণ্য ও সেবায় প্রাইভেসি আর নিরাপত্তা ঠিক করা আছে।”