নতুন কণার সন্ধান!
নতুন কণা সন্ধান পাওয়ার কথা জানালেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এর একজন জ্যৈষ্ঠ গবেষক। এ কণা হিগস বোসন কণার চেয়েও বেশি আলোড়ন সৃষ্টি করবে বলে দাবী করেন তিনি।
বিবিসি জানিয়েছে, চলতি বছর মার্চ মাসে একটি আপগ্রেডের পর এর মূল যন্ত্র লার্জ হাড্রন কোলাইডার (এলএইচসি) আগের তুলনায় অধিক শক্তি নিয়ে কাজ শুরু করবে। এর ফলে কথিত প্রথম ‘সুপারসিমেট্রিক’ পদার্থ পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। এ পদার্থ শনাক্ত করা গেলে বিজ্ঞানীরা সরাসরি ‘ডার্ক ম্যাটার’ সম্পর্কে ধারণা নিতে পারবেন। এর ফলে মহাবিশ্বের অজানা রহস্যগুলোর সমাধানে গবেষকরা এগিয়ে যাবেন আরও এক ধাপ।
এলএইচসি’র অন্যতম বড় কণা শনাক্তকারী অ্যাটলাস এক্সপেরিমেন্টের একজন মুখপাত্র অধ্যাপক বিটে হেইনেম্যান বলেন, “এটি চলতি বছর যত তাড়াতাড়ি সম্ভব হতে পারে। গ্রীষ্মে করাটা একটু কষ্টকর হলেও ভাগ্যবান হলে আমরা গ্রীষ্মের শেষ দিকে হয়তোবা করতে পারব।”
অ্যামেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্যা অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স’র বার্ষিক সম্মেলনে দ্যা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলের এক গবেষক জানিয়েছেন গত শতাব্দীর শুরুতে আন্টিম্যাটার খুঁজে পাওয়ার মতো তারা নতুন এক দুনিয়ার সন্ধান পেতে যাচ্ছেন। হয়তোবা এবার সুপারসিমেট্রিক ম্যাটারের সন্ধান পাওয়া যাবে বলে তারা আশা করছেন বলেও জানান তিনি।
