২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাপলে কাজের বিনিময়ে অর্থ গ্রহন নয়’

কাজ দেওয়ার বিনিময়ে নতুন কর্মীদের কাছ থেকে অর্থ গ্রহন নিষিদ্ধ ঘোষণা করেছে অ্যাপল। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যে কারখানার জন্য কর্মীরা কাজ করবে, সেই কারখানাকেই ওই অর্থ দিতে হবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 05:11 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

অ্যাপলের বেশিরভাগ পণ্যই তৈরি হয় চীনে। ফক্সকন এবং পেগাট্রনসহ অ্যাপলের বিভিন্ন পণ্য নির্মাতা কারখানায় কর্মী সরবরাহ করে বিভিন্ন তৃতীয় পক্ষীয় প্রতিষ্ঠান। নতুন কর্মীদের প্রায় ক্ষেত্রেই প্রথম মাসের বেতন ওই সরবরাহ প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে অর্থের অঙ্ক আরো বেশি।

অ্যাপলের নতুন নির্দেশনা অনুসারে, ওই ফি কারখানা কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

সম্প্রতি প্রকাশিত অ্যাপলের ‘সাপ্লায়ার রেসপন্সিবিলিটি প্রগ্রেস রিপোর্টে’ প্রতিষ্ঠানটির অপরেশনস প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেফ উইলিয়ামস বলেন, ‘ওই ফি কারখানাকেই দিতে হবে, যা শেষ পর্যন্ত আমাদের হাত থেকেই যায়, যখন আমরা কারখানাগুলোকে তাদের পাওনা পরিশোধ করি।’

অ্যাপলের কয়েকটি চীনা কারখানায় কর্মীদের কম বেতনে বেশি কাজ করানো হচ্ছে-- গত বছর এমন অভিযোগের প্রেক্ষিতে অডিট শুরু করে প্রতিষ্ঠানটি। অভিযোগটি করেছিল চীনের শ্রমিক অধিকারবিষয়ক সংগঠন ‘চায়না লেবার ওয়াচ (সিএলডব্লিউ)’। সিএলডব্লিউ-এর অভিযোগের ভিত্তি ছিল কর্মীদের জমা দেয়া ৯৬টি প্রাপ্তি রশিদ। বেতন কম হওয়ার কারণেই বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হয় কর্মীরা, এমনটাই ইঙ্গিত করে ওই রশিদগুলো, জানিয়েছে বিবিসি।