২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশঙ্কা ‘ডিজিটাল ডার্ক এইজ’-এর

কম্পিউটারে সংরক্ষণ করে রাখা সব তথ্য ও ফাইল ক্রমাগত হারিয়ে যাবে—এমনটাই আশঙ্কা করছেন ‘ইন্টারনেটের জনক’ হিসেবে খ্যাত ভিন্ট সার্ফ। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বর্তমানের হার্ডওয়্যার আর সফটওয়্যারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পরার মধ্য দিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ওয়েব জায়ান্ট গুগলের এই ভাইস-প্রেসিডেন্ট।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান হোসেতে অনুষ্ঠিত ‘অ্যানুয়াল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স’-এর বার্ষিক সম্মেলনে একবিংশ শতাব্দীর কোনো সংরক্ষিত তথ্য ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছাবে কি না, সে বিষয়ে নিজের আশঙ্কার কথা জানান ভিন্ট সার্ফ। তিনি এই পরিস্থিতিকে ‘ডিজিটাল ডার্ক এইজ’ বলে আখ্যা দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

‘ডিজিটাল ডার্ক এইজ-এর ফলে হারিয়ে যেতে পারে কম্পিউটার হার্ডড্রাইভ বা ইন্টারনেটে সংরক্ষিত আমাদের সব ছবি আর গুরুত্বপূর্ণ তথ্য। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সার্ফ বলেন, “আমি এ ব্যাপারে অনেক বেশি চিন্তিত। আমরা এখনই এ ধরনের সমস্যায় পরছি। আমাদের আগের তৈরি তথ্যের বা প্রেজেন্টেশনের ফাইলগুলো নতুন আসা সফটওয়্যারগুলো দিয়ে চালানো যায় না কারণ সবসময় ‘ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি’ থাকে না। সেই সঙ্গে এই সমস্যার সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করেন তিনি। তিনি বলেন, “সময়ের সঙ্গে আমরা ডিজিটাল কন্টেন্টের বিশাল আর্কাইভগুলো জমা করে রাখতে পারি, তবে কিভাবে এটি করা যায় তা হয়তোবা আমরা জানি না।”

সফটওয়্যার আর হার্ডওয়্যারগুলো যাতে অচল না হয় সেজন্য একটি ধারণা দিয়েছেন সার্ফ। ক্লাউড সার্ভারে অনেকটা বাস্তব জাদুঘরের ডিজিটাল রূপে প্রতিটি সফটওয়্যার ও হার্ডওয়্যারকে সংরক্ষণ করার কথা বলেছেন তিনি। এর মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের জন্য স্মৃতি সংরক্ষণ করা যাবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, “সমাধান হচ্ছে- কন্টেন্ট, অ্যাপ্লিকেশন আর অপারেটিং সিস্টেমকে একত্রে এক্স-রে স্ন্যাপশট নিয়ে তার সঙ্গে যে ডিভাইসে চলছে সেই ডিভাইসের বর্ণনা অনেকদিনের জন্য সংরক্ষণ করা। ডিজিটাল স্ন্যাপশট ধারণ করা অতীতকে আবার ভবিষ্যতে ফিরিয়ে আনবে।” এক্স-রে স্ন্যাপশটগুলো যাতে এক সার্ভার থেকে অন্য সার্ভারে নেয়া যায় এমনভাবে তৈরি করতে হবে বলে তিনি জানান।