হারিয়ে যায়নি ‘ফ্লিপ-ফোন’
স্মার্টফোনের দৌরাত্বে এখন খুব একটা চোখে না পড়লেও বছর কয়েক আগে বেশ চলছিল ফ্লিপ-ফোনের। হঠাৎ করেই যেন আবারও জনপ্রিয়তা ফিরে পাচ্ছে এই ডিভাইসগুলো। সাত বছরের মধ্যে প্রথমবারের মতো ২০১৪ সালে জাপানের বাজারে বিক্রি বেড়েছে এই মোবাইল ফোনগুলোর।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালে জাপানের ফ্লিপ-ফোনের বিক্রি বেড়েছে ৫.৭ শতাংশ। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ‘এমএম রিসার্চ ইন্সটিটিউট’-এর এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
অন্যদিকে টানা দ্বিতীয় বছরের মতো স্মার্টফোনের বিক্রি কমেছে জাপানে। ২০১৪ সালে দেশটির বাজারে আগের বছরের তুলনায় ৫.৩ শতাংশ কম স্মার্টফোন বিক্রি হয়েছে।
উন্নত দেশগুলোর মধ্যে জাপানের নাগরিকদের স্মার্টফোন ব্যবহারের জন্য সবচেয়ে বেশি খরচ করতে হয় বলে জানিয়েছে রয়টার্স। দেশটির টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী ফ্লিপ-ফোনের খরচ অনেক কম হওয়ায় অনেকেই পুরানো ধাঁচের মোবাইল ফোন নিয়েই সন্তুষ্ট।
আইফোন, স্যামসাং-এর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে স্মার্টফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসোনিক ও এনইসি। তবে ফুজিৎসু ও শার্প কর্পোরেশনের বিপরীতে ফ্লিপ-ফোনের বাজারে প্রতিযোগিতা করছে প্রতিষ্ঠান দুটি।
