সরকারি আবদার বেড়েছে টুইটারে!
সোমবার স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে টুইটার। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের দ্বিতীয়ভাগে টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার জন্য বিভিন্ন দেশের সরকারের আবদার বেড়েছে ৪০ শতাংশ।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালের দ্বিতীয়ার্ধে বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে ৭ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারীর ডেটা চেয়ে প্রায় তিন হাজারবার ‘অনুরোধ’ করা হয়েছে।
এই সরকারি আবদারের সিংহভাগ এসেছে মার্কিন সরকারের কাছ থেকে।
বছরে দুইবার স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করে টুইটার। ৪৫টি দেশের সরকারের ডেটা রিকোয়েস্টের ভিত্তিতে তৈরি করা হয় প্রতিবেদনটি।
ম্যাশএবল জানিয়েছে, ২০১২ সাল থেকে স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ শুরু করার পর থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা জানতে বিভিন্ন দেশের সরকারের আবদার বেড়েছে তিনগুনের বেশি।
