২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক গাড়ি বানাচ্ছে অ্যাপল

প্রযুক্তি বাজারে জোর গুজব, বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির তৈরি বৈদ্যুতিক গাড়িটি নাকি দেখতে অনেকটাই মিনিভ্যানের মতো

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 05:34 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, এক হাজার অ্যাপলকর্মীর একটি দল গোপনে কাজ করছে এই প্রকল্পে। প্রকল্পটির কোডনেইম ‘টাইটান’। এই প্রকল্পের তৈরি প্রোটোটাইপ গাড়িটি দেখতে নাকি মিনিভ্যানের মতো, গোপন এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্রটি।

অন্যদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘টপ-সিক্রেট’ এই প্রকল্পে অটোমেটিভ বিশেষজ্ঞদের নিয়োগ দিচ্ছে অ্যাপল। ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, টাইটান প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন অ্যাপলের প্রোডাক্ট ডিজাইন বিভাগের কার্যনির্বাহী এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের সাবেক প্রকৌশলী স্টিভ জাদেস্কি।

লিঙ্কড-ইনের সার্চ রেজাল্ট অনুযায়ী বর্তমানে অ্যাপলের হয়ে কাজ করছেন ৪৬ জন সাবেক টেসলা কর্মী। বৈদ্যুতিক গাড়ি নির্মানের জন্যই পরিচিত টেসলা।

অ্যাপলের এই বৈদ্যুতিক গাড়ি আদৌ বাজারে আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট গবেষণা উন্নয়ন কাজ তৈরি হওয়া ড্যাশবোর্ড সফটওয়্যার, ইলেক্ট্রনিক্স, ব্যাটারি ইত্যাদি প্রযুক্তি পরবর্তীতে অ্যাপলের অন্যান্য পণ্যে ব্যবহার হতে পারে বলে জানিয়েছে ম্যাশএবল।