মাইক্রোসফট-স্যামসাং সমঝোতা
অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহৃত পেটেন্টের রয়্যালটি নিয়ে সমঝোতায় এসেছে বিশ্বের শীর্ষ দুই প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ও স্যামসাং। স্যামসাংয়ের বিরুদ্ধে সময় মতো লাইসেন্সকৃত পেটেন্টের রয়্যালটি পরিশোধে না করার অভিযোগে ২০১৪ সালে মামলা করেছিল মাইক্রোসফট।
ওই মামলা নিয়ে সমঝোতায় আসলেও, সমঝোতার শর্তগুলো উভয় প্রতিষ্ঠান গোপন রেখেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
মাইক্রোসফটের মামলার বিপরীতে স্যামসাংর দাবি ছিল, মাইক্রোসফট নোকিয়া কিনে নেওয়ার পর সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির সঙ্গে পেন্টেন্ট বিষয়ক চুক্তি অকার্যকর হয়ে পরেছিল। আর এখন সমঝোতার খবর উভয় প্রতিষ্ঠান নিশ্চিত করেছে এক যৌথ বিবৃতির মাধ্যমে।
অ্যান্ড্রয়েড ডিভাইসে মাইক্রোসফটের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহারের জন্য মাইক্রোসফটের সঙ্গে ২০১১ সালে চুক্তি করেছিল স্যামসাং। তবে বিক্রি হওয়া প্রতিটি অ্যান্ড্রয়েড ডিভাইসের রয়্যালটির পরিমাণ গোপন রেখেছে উভয় প্রতিষ্ঠান।
