২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোন চুরি কমিয়েছে ‘কিল সুইচ’

পশ্চিমা দেশগুলোর বিভিন্ন শহরে আইফোন আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন চুরির হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে ‘কিলসুইচ ফিচার’-এর বদৌলতে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, স্যান ফ্রান্সিসকো ও যুক্তরাজ্যের লন্ডন শহরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশিত পরিসংখ্যান থেকে বেড়িয়ে এসেছে এই তথ্য।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 07:55 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বিবিসি জানিয়েছে, কারও স্মার্টফোন চুরি হলে ফোনটিতে একটি বিশেষ কমান্ড পাঠিয়ে এর সব ফিচার ব্লক করে দিতে পারেন তার মালিক। এতে ওই স্মার্টফোনটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পরে। পরবর্তীতে আসল মালিক সঠিক আইডি ও পাসওয়ার্ড দিলেই কেবল ব্যবহার করা যায় স্মার্টফোনটি। এই ফিচারটি ‘কিল সুইচ’ নামেই বহুল পরিচিত। 

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে অ্যাপল সর্বপ্রথম তাদের আইওএস ৭ অপারেটিং সিস্টেমে ‘অ্যাক্টিভিশন লক’ নামের এই ফিচারটি যোগ করে। পরবর্তীতে একই ধরনের ফিচার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যোগ হলেও, মাইক্রোসফট এখনও উইন্ডোজ ফোনের জন্য এধরণের কোনো ফিচার বা সেবা চালু করেনি। 

বিবিসি জানিয়েছে, ‘কিল সুইচ’ চালু হওয়ার পর থেকে স্যান ফ্রান্সিসকোতে আইফোন চুরির ঘটনা কমেছে ৪০ শতাংশ। সবমিলিয়ে মোবাইল ফোন চুরি কমেছে ২৭ শতাংশ। নিউ ইয়র্কে ২৫ শতাংশ আইফোন ও মোট ১৬ শতাংশ স্মার্টফোন চুরি কমেছে।

২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের অক্টোবরের সঙ্গে পরবর্তী এক বছরের তুলনা করলে, লন্ডনে স্মার্টফোন চুরি কমেছে ৪০ শতাংশ।

স্মার্টফোন চুরি এবং এ সংক্রান্ত অপরাধ কমাতে ২০১৩ সালে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে চাপ দিতে ‘সিকিউর আওয়ার স্মার্টফোনস’ (এসওএস) নামের কার্যক্রম শুরু করেছিল লন্ডন, নিউ ইয়র্ক আর স্যান ফ্রান্সিসকোর কর্তৃপক্ষ।