কিকঅ্যাস টরেন্টের ডোমেইন পরিবর্তন
টরেন্ট ফাইল শেয়ারিং সাইট কিকঅ্যাসের সোমালিয়ান ডোমেইন “কিকঅ্যাস ডট এসও” বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে সাইটটি প্রশান্ত মহাসাগরের দেশ টোঙ্গার ডোমেইন ‘কিকঅ্যাস ডট টিও’ ঠিকানায় পরিচালিত হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালের নভেম্বরে টোঙ্গার ডোমেইন পরিবর্তন করে ওই সোমালিয়ান ডোমেইনটি ব্যবহার শুরু করেছিল কিকঅ্যাস টরেন্ট। সোমালিয়ার ডোমেইনটি নিষিদ্ধ হওয়ায় আগের ডোমেইনে ফিরে গেছে সাইটটি।
২০০৮ সালে প্রতিষ্ঠিত কিকঅ্যাস টরেন্ট বৃহত্তম টরেন্ট সাইটগুলোর মধ্যে একটি। বাণিজ্যিক ওয়েব ট্রাফিক ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যালেক্সার র্যাংকিং অনুযায়ী বিশ্বের ৬৮তম জনপ্রিয় সাইট কিকঅ্যাস টরেন্ট। ৭ বছরের ইতিহাসে কয়েকবার নিজেদের ডোমেইন পাল্টেছে সাইটটি।
আরেক টরেন্ট সাইট দ্যা পাইরেট বে প্রায় একমাস বন্ধ থাকার পর চালু হওয়ার কিছুদিন পরই কিকঅ্যাসে সাইটটির ডোমেইন নিষিদ্ধ হল। তবে এই সিদ্ধান্তের সঙ্গে পাইরেট বে-এর কোনও সম্পর্ক আছে নাকি শুধুই পাইরেসি বন্ধের পদক্ষেপ, তা এখনও পরিস্কার নয় বলে জানিয়েছে ম্যাশএবল।
