‘লজ্জাবতী’ রাসবেরি পাই২
যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান রাসবেরি পাই ফাউন্ডশনের তৈরি নতুন ‘রাসবেরি পাই ২’ কম্পিউটার নিয়ে ‘অভিনব বিপত্তির’ মুখে পরছেন এর ক্রেতারা। ছবি তোলার সময় ফ্ল্যাশ ব্যবহার করলেই ‘রিবুট’ করছে ক্রেডিট কার্ডের সমান সিঙ্গল-বোর্ড কম্পিউটারটির।
এই বিপত্তির মুখে পরে বিশেষজ্ঞরা অনেকটা মজা করেই রাসবেরি পাই২-কে আখ্যা দিচ্ছেন ‘ক্যামেরা শাই’ বা ‘ক্যামেরার সামনে লাজুক’ কম্পিউটার নামে।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ফটোইলেকট্রিক ইফেক্ট’-এর কারণেই এই বিপত্তির সৃষ্টি হচ্ছে।
“কোনো বস্তুর উপরে আলো পরলে তাতে ইলেকট্রিক চার্জের উদ্ভব ঘটে”- আলোর এই ধর্ম আবিষ্কারের করেই নোবেল পুরস্কার জিতেছিলেন বিজ্ঞানী কিংবদন্তীসম পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। আলোর এই ধর্মকেই বলা হয় ফটোইলেকট্রিক ইফেক্ট।
রাসবেরি পাই২-এর ক্ষেত্রে ফ্ল্যাশের উজ্জল আলোর ফলে সৃষ্ট চার্জের কারণে রিবুট করে কম্পিউটারটি।
“সমস্যাটি অনিচ্ছাকৃত হলেও এটি শিক্ষণীয়।”--মন্তব্য করেছেন রাসবেরি পাই প্রতিষ্ঠাতা ইবেন আপটন। রাসবেরি পাইয়ের এই সমস্যা নিয়ে তিনি নিজেও জানতেন না বলে স্বীকার করেছেন আপটন।
বাজারে ছাড়ার পর এই পর্যন্ত প্রায় ৩ লাখ ‘রাসবেরি পাই ২’ এর অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। ‘রাসবেরি পাই ২’ ব্যবহারকারীদের কাছেই সর্বপ্রথম এই সমস্যাটি ধরা পরে বলে জানিয়েছে বিবিসি।
