চীন হবে রোবট রাজ্য
২০১৭ সালের মধ্যে শিল্প কারখানায় ব্যবহৃত সবচেয়ে বেশি সংখ্যক রোবটের মালিক হবে চীন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবটিক্স (আইএফআর) জানিয়েছে, চীনের গাড়ি ও ইলেট্রনিক্স পণ্য নির্মাণ কারখানাগুলোতে রোবটের ব্যবহার যে হারে বাড়ছে তাতে ২০১৭ সালের মধ্যে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি সংখ্যক রোবট থাকবে চীনে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সারা বিশ্বে প্রায় হাজার কোটি ডলারের রোবটিক্স বাজারে তুলনামূলকভাবে পিছিয়ে আছে চীন। প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে গড়ে ৩০টি রোবট কাজ করছে চীনের শিল্প কারখানাগুলোতে।
সাম্প্রতিক বছরগুলোতে নতুন কারখানা তৈরির জন্য চীনকে বেছে নিয়েছে একাধিক আন্তর্জাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। পাশাপাশি চীনের কারখানায় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন হারও বেড়েছে।
“প্রতিষ্ঠানগুলো উৎপাদন ক্ষমতা ও পণ্যের মান বাড়ানোর জন্য রোবটিক্সে বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে।”-- মন্তব্য করেছেন আইএফআর সাধারণ সম্পাদক গুদরুন লিতজেনবেয়ার্গার।
এখন চীনের অটোমোবাইল শিল্পে রোবটের ব্যবহার দ্রুত বাড়ছে। আগামী কয়েক বছরের মধ্যে ইলেকট্রনিক্স পণ্যের কারখানাগুলোতেও রোবট কর্মীর ব্যবহার খুব দ্রুত বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন তিনি।
