২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাকটিভিশন ব্লিজার্ডের সাফল্যের বছর ২০১৪

জনপ্রিয় সাই-ফাই শুটার গেইম ডেসটিনির নির্মাতা অ্যাকটিভিশন ব্লিজার্ড ২০১৪ সালে শেষ হওয়া আর্থিক বছরে আয় করেছে ৪৮১ কোটি ডলার। এর সিংহভাগ এসেছে ৫০ কোটি ডলার বিনিয়োগে নির্মিত ডেসটিনি থেকে। আলোচিত গেইমটির নিবন্ধিত গেইমারের সংখ্যা ১ কোটি ৬০ লাখেরও বেশি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 03:22 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাকটিভিশন ব্লিজার্ডের জন্য ২০১৪ ছিল ব্যস্ত একটি বছর। ডেসটিনির পাশাপাশি একাধিক নতুন গেইম বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি। আপডেট এসেছে পুরনো গেইমগুলোর।

ডেসটিনি নিবন্ধিত গেইমারের সংখ্যা ১ কোটি ৬০ লাখ বলে নিশ্চিত করলেও এর মধ্যে কত জন নিয়মিত গেইমার সে বিষয়ে কোনো তথ্য দেননি অ্যাকটিভিশন প্রধান মাইক মোরহাইম।

গেইমারদের নিবন্ধনের হিসাবে ডেসটিনির থেকেও এগিয়ে আছে ২০১৪ সালে বাজারে আসা অ্যাকটিভিশনের নতুন গেইম ‘হার্টস্টোন’। আড়াই কোটি গেইমার নিবন্ধন করেছেন এই গেইমটির জন্য।

২০১৪ সালের ‘টপ সেলিং’ কনসোল গেইম ছিল অ্যাকটিভিশন ব্লিজার্ডের তৈরি ‘কল অফ ডিউটি: অ্যাডভান্সড ওয়ারফেয়ার’।

২০১৫ সালেও আগের বছরের সাফল্য ধরে রাখার আশা প্রকাশ করেছে অ্যকটিভিশন ব্লিজার্ড। চলতি বছরেই ‘ওভারওয়াচ’ আর ‘হিরোস অফ স্টর্ম’ নামের আরও দুটি নতুন গেইম বাজারজাত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিশ্ববাজারে ডলারের দাম নিম্নমুখী হওয়ায় ২০১৫ সালে আয় কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অ্যাকটিভিশন।