২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চালকবিহীন গাড়িতে উবার

চালকবিহীন গাড়ি নির্মাণ ও গবেষণার ঘোষণা দিয়েছে অ্যাপনির্ভর পরিবহন নেটওয়ার্ক উবার। এর ফলে মার্কিন টেক জায়ান্ট গুগলের সঙ্গে প্রতিষ্ঠানটি সরাসরি বাজার দখলের দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে মনে করছে একাধিক সংবাদমাধ্যম।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এক ব্লগ পোস্টে ‘উবার অ্যাডভান্সড টেকনোলজি সেন্টার’ নির্মাণের ঘোষণা দিয়েছে অ্যাপনির্ভর পরিবহন নেটওয়ার্ক প্রতিষ্ঠানটি। ওই ব্লগ পোস্ট অনুযায়ী এই প্রকল্পের তহবিল যোগানে উবারকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটি ইন পিটসবার্গ।

অন্যদিকে গুগলের চালকবিহীন গাড়ি নির্মাণের প্রকল্প চলছে ২০১০ সাল থেকে। এখন গুগলও নিজস্ব অ্যাপভিত্তিক পরিবহন সেবা নির্মাণ নিয়ে ভাবছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে বিবিসিকে সরাসরি কোনো উত্তর না দিয়ে টুইটারে পোস্ট করেছে গুগল। “আমরা মনে করি উবার আর লিফট বেশ ভালো সেবা দিচ্ছে। আমরা সবসময়ই তাদের সেবা নিয়ে থাকি।”--বলা হয়েছে গুগলের ওই টুইটে।