২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো কোড ওয়ারিওর বুট ক্যাম্প

শেষ হয়েছে প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিওর চ্যালেঞ্জ’-এর বুট ক্যাম্প। ৩৬ ঘন্টাব্যাপী বুট ক্যাম্পে অংশ নিয়েছে প্রাথমিক পর্ব থেকে নির্বাচিত ৫৭টি দল। বুট ক্যাম্পে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বিজয়ী দলগুলো বিভিন্ন ক্যাটেগরিতে ৮টি পুরস্কার পাবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 05:08 PM

Updated : 12 Oct 2022, 03:14 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) জানিয়েছে, শুক্রবার ও শনিবার রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয় এই বুট ক্যাম্প। কোড ওয়ারিওর চ্যালেঞ্জের জুরি বোর্ড প্রধান ও বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)-এর প্রধান প্রশিক্ষক জহিরুল আলম তাইমুমের নেতৃত্বে অনুষ্ঠিত হয় গ্রুমিং পর্ব। উপস্থিত ছিলেন জুরি বোর্ডের অন্যান্য সদস্যরাও।

এই বুট ক্যাম্প থেকেই নির্বাচন করা হয় কোড ওয়ারিওর চ্যালেঞ্জের চূড়ান্ত বিজয়ী। ডিজিটাল ওয়ার্ল্ডের অ্যাওয়ার্ড নাইটে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষের গণসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা মাহমুদ তুহিন। ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ক্যাটেগরিতে মোট ৮টি দল এই পুরস্কার পাবে।

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-এর অংশ হিসেবে কোড ওয়ারিওর চ্যালেঞ্জ অনুষ্ঠিত হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বেসিস স্টুডেন্টস ফোরাম এবং বেসিস উইমেনস ফোরামের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)।