২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানোনিমাস সমর্থক সাংবাদিকের কারাদণ্ড

হ্যাকারদের চুরি করা ডেটার অনলাইন লিংক পোস্ট করার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মার্কিন সাংবাদিক ব্যারেট ব্রাউনকে। পশ্চিমা দেশগুলোর চক্ষুশূল হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাসের সমর্থক ছিলেন ওই সাংবাদিক।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 05:02 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

বিবিসি জানিয়েছে, ব্রাউনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তাতে একশ’ বছর কারাদণ্ডের শাস্তি হতে পারতো তার। তবে অপরাধ স্বীকার করে নেওয়ায় কারাদণ্ডের সময় কমিয়ে দেয় মার্কিন আদালত।

মার্কিন সরকারের ‘অবৈধ ও গোপন কর্মকাণ্ড’ উদঘাটন করতে আইন ভেঙ্গেছিলেন বলে আদালতে স্বীকার করে নেন ব্রাউন।

বাকস্বাধীনতা সমর্থক ও ‘মিডিয়া রাইটস অর্গানাইজেশন’-এর ব্যাপক সমালোচনার মুখে পরেছিল এই মামলাটি।

অ্যানোনিমাসের সমর্থক ছিলেন ৩৩ বছর বয়সী ব্রাউন। হ্যাকারদের সংগঠনটির ব্যাপারে বিভিন্ন সময়েই প্রশ্নের মুখে পরেছেন তিনি।

আদালতে অভিযোগ শিকার করে নিলেও রায়ের আগে লেখা এক বিবৃতিতে সবার জন্য উন্মুক্ত একটি লিংক পোস্ট করার কারণে মার্কিন সরকার তাকে কারাদণ্ড দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছিলেন ব্রাউন। ওই একই লিংক অন্যান্য সংবাদকর্মীরা ব্যবহার করলেও তাদের কোনো আইনী জটিলতার মুখে পড়তে হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।