২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোনেও নজরদারির সফটওয়্যার

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইফোনেও ‘স্পাইওয়্যার’ আছে বলে জানিয়েছেন সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। বিভিন্ন দেশের সরকার বা গোয়েন্দা সংস্থা গোপনে সফটওয়্যারটি চালু করে ব্যবহারকারীর কর্মকাণ্ডের উপর নজরদারি করতে পারে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 06:23 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

এই স্পাইওয়্যারের কারণেই স্নোডেন আইফোন বা অন্য কোনো স্মার্টফোনের বদলে সাধারণ মোবাইল ফোন ব্যবহার করেন বলে জানিয়েছেন স্নোডেনের ব্যক্তিগত আইনজীবী আনাতোলি কুচিরিন। রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রিয়া নভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আইফোনে এমন একটি সফটওয়্যার আছে যা ব্যবহারকারীর অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে ব্যবহারকারীর সম্পর্কে ডেটা সংগ্রহ করতে পারে। নিরাপত্তার স্বার্থে স্নোডেন এই স্মার্টফোন ব্যবহারে অস্বীকৃতি জানিয়েছেন।”

অন্যদিকে অ্যাপল আাইফোনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে বিলেতি দৈনিক ইনডিপেনডেন্ট। এডওয়ার্ড স্নোডেন মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর অনৈতিক সাইবার নজরদারির গোপন নথি ফাঁস করার পর থেকে এই সংক্রান্ত আইনী পরিবর্তন আনতে চেষ্টা করছে অ্যাপল, ফেইসবুক আর গুগলের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

তবে সম্প্রতি ফাঁস হওয়া এনএসএর এক গোপন প্রতিবেদন অনুযায়ী, আইফোনের ইউডিআইডি ব্যবহার করে নজরদারি চালাচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ।