২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসড টুইটের জন্য নতুন ফিচার

জনপ্রিয় মাইক্রোব্লগিং সেবা টুইটারের আইওএস অ্যাপে যোগ হয়েছে নতুন ফিচার ‘হোয়াইল ইউ ওয়্যার অ্যাওয়ে’। অ্যাপটি বন্ধ থাকা অবস্থায় ব্যবহারকারীদের ‘মিসড’ টুইটগুলো দেখাবে ফিচারটি।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 06:22 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের সাম্প্রতিক টুইটগুলো তালিকা আকারে দেখানোর পাশাপাশি ব্যবহারকারী যাদের সঙ্গে বেশি যোগাযোগ করেন অ্যাপ বন্ধ থাকা অবস্থায় তাদের ‘টপ’ টুইটগুলো দেখাবে ওই ফিচার।

ব্যবহারকারীর পছন্দের বিষয়গুলো শনাক্ত করতে ‘বিশেষ অ্যালগরিদম’ ব্যবহার করবে টুইটার। যা ব্যবহারকারীর অভ্যাস এবং সাইটে তাদের দৈনন্দিন কাজের ভিত্তিতে ‘মিসড’ টুইট চিহ্নিত করবে। এটি অনেকটা ফেইসবুকের নিউজ ফিডে ব্যবহৃত অ্যালগরিদমের মতো বলে জানিয়েছে ম্যাশএবল।

তবে এই তুলনা মানতে নারাজ টুইটারের ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়েইল। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েইল বলেন, “সাম্প্রতিক টুইটগুলোর উপরেই বেশি মনোযোগী হবে টুইটারের ফিড, ফেইসবুক যা সাধারণত এড়িয়ে যায়।”

যারা দিনের বেশিরভাগ সময় টুইটার অ্যাপ চালু রাখেন তাদের জন্য ফিচারটি খুব একটা উপযোগী নয়। ব্যবহারকারীরা অ্যাপটি যত বেশি অনিয়মিত ব্যবহার করবেন, ফিচারটি ততোই পুরনো টুইট সংগ্রহ করবে বলে ব্লগ পোস্টে জানিয়েছে টুইটার।

আইওএস প্লাটফর্মের অ্যাপেই পাওয়া যাবে এই ফিচার। পরে অ্যান্ড্রয়েড ও ওয়েবসাইটেও আসবে ফিচারটি।