বিশ্ব বাজারে ফেইসবুকের ২২০ বিলিয়ন
শীর্ষ সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩৫ কোটি। সাইটটি একটি দেশ হলে তা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হত। বিশ্ব অর্থনীতি এবং চাকরীর বাজারেও প্রভাব ফেলছে সাইটটি।
পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েট অ্যান্ড টুসের এক জরিপে জানা গেছে, ২০১৪ সালে বিশ্ব বাজারে ২২ হাজার ৭০০ কোটি ডলার যোগ হয়েছে ফেইসবুককেন্দ্রিক আর্থিক কার্যকলাপে, তৈরি হয়েছে ৪৫ লাখ চাকরির সুযোগ। ফেইসবুকে ব্যবসায়িক পেইজ আছে এমন প্রতিষ্ঠান এবং সাইটটির অ্যাপস ও গেইমস থেকে আসা আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করে জরিপ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
ফেইসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ এক সাক্ষাৎকারে বলেন, “অনেকেই মনে করেন যে প্রযুক্তি শুধু প্রযুক্তি খাতেই চাকরির সুযোগ তৈরি করে আর অন্যান্য খাতে চাকরির সুযোগ কমায়। এই জরিপ থেকে বোঝা যায়, কথাটি সত্যি নয়।”
ফ্যাশন ও ফিটনেসবিষয়ক ছোট ছোট ব্যবসাগুলো গড়ে উঠতে ফেইসবুক সাহায্য করছে বলে দাবি করেন তিনি।
