৫০ হাজার কাজের প্রতিশ্রুতি উবারের
ইউরোপের বিভিন্ন শহর কর্তৃপক্ষের সঙ্গে নতুন চুক্তির বদৌলতে ২০১৫ সালে ইউরোপজুড়ে ৫০ হাজার নতুন কাজের প্রতিশ্রুতি দিয়েছেন ‘অনলাইন ট্যাক্সি-শেয়ারিং’ সেবা উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মানির মিউনিখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন কালানিক। স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ট্যাক্সি সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে উবার যাত্রা শুরু করেছে চার বছর আগে।
বর্তমানে বিশ্বের ২৫০টি শহরে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। স্যান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য ৪ হাজার কোটি ডলার।
তবে সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনার মুখে পরেছে উবার। ব্যবসায়িক প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন এবং চালক নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন না করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেইনে আইনী জটিলতার মুখেও পরেছে প্রতিষ্ঠানটি।
