২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্করা মাপতে ট্যাটু!

রক্তের শর্করা মাপার অভিনব এক পন্থা উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। অস্থায়ী ট্যাটুর কাগজে প্রিন্ট করা নমনীয় সেন্সর ব্যবহার করে শর্করা মাপার এই পদ্ধতিতে কোনো ব্যাথাই পাবেন না ডায়াবিটিস রোগী।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অস্থায়ী ট্যাটুর কাগজে প্রিন্ট করার উপযোগী নমনীয় সেন্সরটি বানিয়েছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান ডিয়াগোর গবেষক আমায় বান্দোরকার। লঘু (মাইল্ড) বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে রোগীর শরীরে শর্করার হার পরিমাপ করে সেন্সরটি।

প্রাথমিক অবস্থায় ৭ জন রোগীর উপরে এই প্রযুক্তির কার্যকারীতা নিয়ে পরীক্ষা চালান সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। প্রতিটি ক্ষেত্রেই অস্থায়ী ট্যাটুর সেন্সরগুলো থেকে পাওয়া ফলাফল সঠিক ছিল বলে জানিয়েছে ম্যাশএবল।

অস্থায়ী ট্যাটুগুলো থেকে ডেটা সংগ্রহ করতে ট্যাটুগুলো রোগীর শরীর থেকে খুলে ফেলতে হয়। তবে ভবিষ্যতে ট্যাটুগুলো থেকে যেন ডেটা সরাসরি চিকিৎসকের কাছে পৌঁছে যায় সেজন্য ব্লুটুথ প্রযুক্তি যোগ করা হবে বলে জানিয়েছেন বান্দোরকার।