সফটকার্ড কিনতে চায় গুগল
এবার নাকি মোবাইল-পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান সফটকার্ড কিনতে চাইছে ওয়েব জায়ান্ট গুগল। সংশ্লিষ্ট সুত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ ডটকম।
উভয় প্রতিষ্ঠানের মধ্যে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। সফটকার্ডের মালিকানা গুগলের নিয়ন্ত্রণে গেলে অ্যাপলের মোবাইল পেমেন্ট সিস্টেম ‘অ্যাপল পে’র বিপরীতে সরাসরি প্রতিদ্বন্দ্বীতায় নামতে পারবে গুগল।
আলোচনা সফল হলে একশো কোটি ডলারের কম দামে হাতবদল হতে পারে সফটকার্ডের মালিকানা। বর্তমানে এটিঅ্যান্ডটি, ভেরাইজন এবং টি-মোবাইলের যৌথ মালিকানায় আছে সফটকার্ড।
এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি গুগল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে সফটকার্ডও।
