২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজে আরও বাগ

আবারও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা দুর্বলতা অনলাইনে প্রকাশ করেছে ওয়েব জায়ান্ট গুগল। চলতি সপ্তাহের শুরুতেই গুগলের এমন কাজে ক্ষেপেছে মাইক্রোসফট। এর মধ্যেই নতুন করে আরও দুটি বাগের খবর প্রকাশ করে সেই ক্ষতে যেন ‘লবন’ দিয়েছে গুগলের প্রজেক্ট জিরো।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 06:23 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

এই নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে মাইক্রোসফটের চারটি নিরাপত্তা দুর্বলতা প্রকাশ করেছে গুগল। বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা দুর্বলতাগুলো খুঁজে বের করে প্রতিষ্ঠানগুলোকে অবহিত করে গুগলের প্রজেক্ট জিরো। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৯০ দিন সময় দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোকে। এর মধ্যে প্রয়োজনীয় সমাধান দিতে না পারলে নিরাপত্তা দুর্বলতার ব্যাপারে ব্যবহারকারীদের অনলাইনে জানিয়ে দেয় গুগল।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে দুর্বলতাগুলোর মধ্যে সর্বশেষ প্রকাশিত বাগটির ব্যাপারে মাইক্রোসফটকে ২০১৪ সালের অক্টোবর মাসেই অবহিত করা হয়েছিল বলে জানিয়েছে ম্যাশএবল।

৯০ দিনের মধ্যে মাইক্রোসফট ওই বাগটি দূর করতে প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট ইসু করতে না পারায় বাগটির ব্যাপারে বিস্তারিত তথ্য অনলাইনে প্রকাশ করে দিয়েছে গুগল।

ফেব্রুয়ারিতে প্রয়োজনীয় সফটওয়্যার প্যাচ ইসু করা হবে বলে আশা করে হচ্ছে-- জানিয়েছে ম্যাশএবল।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বাগ দুটির ব্যাপারে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার অনলাইনে প্রকাশ করেছে গুগল। এর একটির মাধ্যমে হ্যাকাররা ব্যবহাকারীর ছদ্মবেশে উইন্ডোজ ৭ ও ৮.১ অপারেটিং সিস্টেমের যে কোনো কম্পিউটারের ডেটা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করতে পারবে। অন্য বাগটি খুব একটা বিপজ্জনক নয় বলে জানিয়েছে করেছে গুগল ও মাইক্রোসফট।