২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াওমির নতুন ফ্যাবলেট

স্যামসাংয়ের পর এবার অ্যাপলকে চ্যালেঞ্জ করলো জিয়াওমি। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে দুটি নতুন ফ্যাবলেট উন্মোচন করেছে চীনের এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। সরাসরি আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাসের স্বল্পদামের বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে ওই স্মার্টফোন দুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উন্মোচনের পর ১৬ গিগাবাইট মেমোরির ‘মি নোট’ ফ্যাবলেটটি আইফোন ৬ প্লাসের সঙ্গে তুলনা করেন জিয়াওমি প্রধান লেই জুন। আইফোনের সর্বশেষ মডেলের থেকে মি নোট হালকা ও পাতলা বলে মন্তব্য করেন তিনি।

৩৭১ ডলার দামে বিক্রি হবে মি নোট যা বাজারের শীর্ষ দুই ফ্যাবলেট আইফোন ৬ প্লাস আর স্যামসাং গ্যালাক্সি নোট ৪-এর দামের প্রায় অর্ধেক।

০.২৭ ইঞ্চি পুরু মি নোটে আছে সনির তৈরি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ১৬১ গ্রাম ওজন ডিভাইসটির।

জিয়াওমির উন্মোচিত দ্বিতীয় ফ্যাবলেটটি হল ‘মি নোট প্রো’। দাম ও হার্ডওয়্যার উভয়ের হিসেবেই মি নোট প্রো-কে অনায়াসে ‘হাই-এন্ড’ ডিভাইস বলা চলে।

২কে (প্রতি ইঞ্চিতে ৫১৫ পিক্সেল) রেজুলিউশনের ডিসপ্লে, ৬৪ বিটের স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪জি চিপ, ৪জিবি র‌্যাম এবং ৬৪বিট ইন্টারনাল মেমোরি আছে এতে। মি নোট প্রোর বাজারমূল্য হবে ৫৩২ ডলার।

বাজার বিশ্লেষকদের হিসেব অনুযায়ী ২০১৪ সালের তৃতীয় শীর্ষ স্মার্টফোন নির্মাতা ছিল জিয়াওমি। তবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পণ্যের সঙ্গে বার বার নিজস্ব পণ্যের তুলনা করে এক কথায় সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়াই পেয়েছে চীনের প্রতিষ্ঠানটি। ‘উদ্ভাবনী শক্তির’ জোরে নয়, বরং বাজারমূল্য তুলনামূলক কম হওয়ার কারণেই স্মার্টফোনের বাজারে জিয়াওমির এই উর্ধগমন বলে মন্তব্য করেছেন প্রযুক্তি ও বাজার বিশ্লেষকরা।