অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে কোডাক
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায় এবার নাম লেখাল একসময়ের ফটোগ্রাফি জায়ান্ট কোডাক। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেক্ট্রনিকস শো (সিইএস) ২০১৫-তে আইএম৫ (IM5) নামের অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
মোবাইল ফোন প্রযুক্তিবিষয়ক সাইট জিএসএম এরিনা জানিয়েছে, ৭২০ পিক্সেলের ৫ ইঞ্চির টাচস্ক্রিনের আইএম৫-এ আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। হার্ডওয়্যারের মধ্যে আছে ১ জিবি র্যাম, ৮ জিবি বিল্ট-ইন-স্টোরেজ আর মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা।
১.৭ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসরের আইএম৫ চলবে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপে আপডেট করা হবে বলে জানিয়েছে জিএসএম এরিনা।
চলতি বছরের মার্চ মাসে ইউরোপের বাজারে অভিষেক হবে আইএম৫-এর। বিশ্ববাজারে বিক্রি শুরু হবে আরও পরে। ইউরোপে এর দাম হবে ২৩০ ইউরো। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আইএম৫-এর দাম ২শ’ ৪৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
