নিরাপত্তা ঝুঁকিতে অ্যান্ড্রয়েড
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পুরানো সংস্করণের সিকিউরিটি আপডেট বন্ধ করে দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। ফলে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন লাখো অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এ পরিবর্তনটি প্রায় ৬০ শতাংশ অ্যান্ড্রয়েড ওএস ব্যবহারকারীর উপর প্রভাব ফেলবে। অ্যান্ড্রয়েড ৪.৩ বা এর চেয়ে পুরানো সংস্করণের সিকিউরিটি অপডেট ইসু করা বন্ধ করেছে গুগল।
গুগলের এই বিস্ময়কর পদক্ষেপ আবিষ্কার করেছেন কয়েকজন সাইবার নিরাপত্তা গবেষক। স্বাধীন সাইবার নিরাপত্তা গবেষক রাফায় বেলোচ ও নিরাপত্তা সংস্থা র্যাপিড৭-এর টড বিয়ার্ডসলি ও জো ভেনিক্স অ্যান্ড্রয়েড ৪.৩-এর একটি দুর্বলতার ব্যাপারে গুগলের সঙ্গে যোগাযোগ করলে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আপডেট বন্ধের বিষয়টি জানানো হয়।
শুধু অ্যান্ড্রয়েড ৪.৪ কিকক্যাট এবং ৫.০ ললিপপের নিরাপত্তাজনিত সমস্যা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানায় গুগল।
এ প্রসঙ্গে বিয়ার্ডসলি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, সিকিউরিটি আপডেট বন্ধ করে দেওয়ার ফলে ৯৩-কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী এখন আর গুগলের অফিশিয়াল সিকিউরিটি প্যাচ সাপোর্ট পাবেন না। তবে মাল্টিমিডিয়া প্লেয়ারের আপডেট এখনও বন্ধ করেনি প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে গুগলের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে বিবিসি।
