নতুন ফোর্ড জিটি যেন স্পাই থ্রিলারের গাড়ি
প্রায় এক দশক পরে জনপ্রিয় জিটি মডেলের নতুন সংস্করণ উন্মোচন করেছে মার্কিন অটোমোবাইল নির্মাতা ফোর্ড। সোমবার ‘নর্থ আমেরিকান ইন্টারন্যাশনাল অটো শো’-তে প্রথমবারের মতো নতুন জিটি মডেল দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন মডেলটিতে আছে ৩৫০০ সিসি টুইন-টার্বো ভি৬ ইঞ্জিন, যা যোগান দেবে ৬০০ অশ্বশক্তি। ফোর্ডের মতে, এটি তাদের সবচেয়ে শক্তিশালী ও কার্যক্ষম ইঞ্জিনগুলোর একটি।
গাড়িটিতে আছে দুটি ‘ভার্টিকাল’ দরজা। আর রেসিংয়ের জন্য আদর্শ গাড়িতে পরিণত করতে অ্যারোডাইনামিকস মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে গাড়িটি। এছাড়াও ব্যবহার করা হয়েছে হালকা ওজনের অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার। গাড়ি স্টিয়ারিং হুইল ডিজাইন করা হয়েছে ফরমুলা ওয়ান রেসিং কারের স্টিয়ারিং হুইলের আদলে।
২০১৬ সালের শেষদিকে গাড়িটির বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু হবে জানিয়েছে ম্যাশএবল।
