স্ন্যাপচ্যাটের মতো অ্যাপের বিপক্ষে ক্যামেরন
পুনরায় নির্বাচিত হলে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সোমবার ওই মন্তব্য করেন ক্যামেরন। ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনো এনক্রিপ্টেড মেসেজিং সেবার নাম উল্লেখ না করলেও এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলোকেই ইঙ্গিত করেছেন বলে জানিয়েছে ম্যাশএবল।
পুনরায় নির্বাচিত হবার জন্য প্রচারণা চালাচ্ছেন ডেভিড ক্যামেরন। সোমবার ক্যামেরন জানান, পুনরায় নির্বাচিত হলে গোয়েন্দা সংস্থার সঙ্গে ডেটা শেয়ার করতে রাজি নয় এমন এনক্রিপ্টেড মেসেজিং সেবা নিষিদ্ধ করার ব্যাপারে তিনি বিবেচনা করবেন।
এই অ্যাপগুলো সন্ত্রাসীদের যোগাযোগের জন্য জন্য নিরাপদ মাধ্যমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন ক্যামেরন। এ ধরনের অ্যাপের ডেটা সংগ্রহ করা উচিত বলেই মনে করেন তিনি। তবে সেক্ষেত্রে প্রচলিত নিয়ম, ওয়ারেন্টের মাধ্যমেই ডেটা সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন ক্যামেরন।
