যেমন কান, তেমন হেডফোন!
গান শোনার সময় কান থেকে হেডফোন বার বার পড়ে যাওয়ার বিড়ম্বনার সঙ্গে সবারই সম্ভবত পরিচয় আছে। এই বিড়ম্বনা এড়াতে থ্রিডি স্ক্যানিং এবং প্রিন্টিং প্রযুক্তি কাজে লাগিয়ে হেডফোনের জন্য ‘কাস্টম মেইড ইয়ারপিস’ বানাচ্ছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা হারমান। প্রত্যেক ব্যবহারকারীর কানের গঠন আলাদা ভাবে স্ক্যান করে প্রত্যেকের জন্য আলাদা মাপের ইয়ারপিস তৈরি করছে প্রতিষ্ঠানটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সদ্য সমাপ্ত আন্তর্জাতিক কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (সিইএস) ২০১৫-তে হারমান নিজেদের এই প্রযুক্তি উন্মোচন করে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। আরেক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড সায়েন্সেস-এর সঙ্গে জোট বেঁধে কাজ করছে হারমান।
ম্যাশএবলকে প্রস্তুত প্রক্রিয়াটির বিস্তারিত বর্ণণা দেন ইউনাইটেড সায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা ক্যারল হাটজিলিয়াস। তিনি বলেন, “থ্রিডি স্ক্যানের জন্য তিনটি ভিন্ন ধরনের স্ক্যানার একসঙ্গে ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায়-- রিং লেসার, লাইন লেসার ও মুভমেন্ট ট্র্যাকার।”
সাধারণ হেডফোন আকারের মুভমেন্ট ট্র্যাকার লেসারটি সবার আগে ব্যবহারকারীর কানের চারপাশে বসানো হয়, যা মাথার নড়াচড়া পর্যবেক্ষণ করে। লেসার স্ক্যানার দিয়ে ব্যবহারকারীর কানের ভেতরের ও বাইরের অংশের ডিজিটাল মডেল তৈরি করা হয়।
সংগৃহীত ডেটা পাঠানো হয় থ্রিডি ইমেজ প্রসেসিং সফটওয়্যারে, যা থেকে থ্রিডি মডেল তৈরি করে। এরপর থ্রিডি প্রিন্টারে তৈরি হওয়া মডেলে সিলিকন যোগ করার পর তৈরি হয়ে যায় ব্যবহারকারীর জন্য ‘কাস্টম মেইড ইয়ারপিস’। আর এই ইয়ারপিসগুলো কানে ঠিকমতোই আটকে থাকে বলে জানিয়েছে ম্যাশএবল।
