২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ললিপপ নয় বাজার কিটক্যাটের দখলে!

অ্যান্ড্রয়েড ফোন নির্মাতারা নিজ ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে নতুন ওএস ললিপপের বদলে পুরানো সংস্করণ কিটক্যাটই বেশি ব্যবহার করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 03:04 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, এ সপ্তাহের অ্যান্ড্রয়েড ডেভেলপার্স ড্যাশবোর্ড অনুসারে ওএস ৪.৪ কিটক্যাটের দখলেই রয়েছে ৩৯.১ শতাংশ মার্কেট শেয়ার।

কিন্তু ডেভলপার ড্যাশবোর্ডে নেই অ্যন্ড্রয়েড ওএসের সর্বশেষ সংস্করণ ললিপপ। কেন নেই, তার উত্তরও রয়েছে পেইজটির একটি অংশে। পেইজের ওই অংশে নির্দিষ্ট করে বলা আছে, ০.১ শতাংশের কম বন্টন হয়েছে এমন সংস্করণের নাম সেখানে দেখানো হবে না।

২০১৪ সালের নভেম্বরের তিন তারিখ বাজারে আসে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। ওয়েব জায়ান্ট গুগল, অ্যানিমেশন ও ভিজুয়াল এফেক্ট যোগ করে নতুন আঙ্গিকে ডিজাইন করেছে নতুন এই ওএসটি। কিন্তু তারপরেও ০.১ শতাংশের কম বন্টন হওয়ায় ডেভলপারস ড্যাশবোর্ডে নেই অ্যান্ড্রয়েড ওএস ললিপপ।

মজার বিষয় হচ্ছে, ২০১২ সালে বাজারে আসা ওএস জেলি বিন এখনও ৪৬ শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখেছে। এ ছাড়াও বর্তমানে আইসক্রিম স্যান্ডউইচ ও জিঞ্জারব্রেড ওএসের মার্কেট শেয়ার যথাক্রমে ৬.৭ শতাংশ এবং ৭.৮ শতাংশ।

কিছু সংখ্যক ডিভাইস নির্মাতা অবশ্য নিজেদের সীমিত সংখ্যক ডিভাইসে ওএস  ললিপপ ব্যবহার করেছে। এসব নির্মাতার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংসহ এলজি ও মটোরোলা। যদিও স্যামসাং এখনও যুক্তরাষ্ট্রের বাজারে ললিপপ ওসের ডিভাইস নিয়ে আসেনি বলেই জানিয়েছে সিনেট। অন্যদিকে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনি ২০১৫-এর শুরুর দিকে তাদের এক্সপেরিয়া ডিভাইসে ললিপপ ওএস ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে।

বিষয়টি নিয়ে গুগল তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে সিনেট।