স্মার্ট গ্যাজেটে সাবধান!
আধুনিক গ্যাজেটের পক্ষে যেকোনো ভোক্তার ‘খুব ব্যক্তিগত’ ডেটা সংগ্রহ করা সম্ভব বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন প্রধান ইডিথ রামিরেজ। লাস ভেগাসে চলতি ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)’-তে এই সতর্কবার্তা জানান তিনি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্ট গ্যাজেটগুলো যেন প্রয়োজনের বেশি ডেটা সংগ্রহ না করে সে বিষয়টি নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রামিরেজ।
গ্যাজেটগুলোর সংগ্রহ করা ডেটার মধ্যে ব্যক্তিগত ও স্পর্শকাতর কোনো কিছু নিয়োগদাতা বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীর জন্য বিব্রতকর ও নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ব্যক্তি বিশেষের আর্থিক লেনদেন, স্বাস্থ্য, ধর্ম, পরিবার, বন্ধু এবং পছন্দ অপছন্দের মতো বিষয়গুলো নিয়ে ব্যক্তিগত স্মার্ট ডিভাইসগুলো ডেটা সংগ্রহ করতে পারবে। আর এই ডেটা তৃতীয় কোনো পক্ষের হাতে গেলে তার ফলাফল ব্যবহারকারীর জন্য ব্যক্তিগত ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ডেটা শুধু কোনো সুনির্দিষ্ট লক্ষ্যের জন্য সংগ্রহ করা উচিত বলেই মন্তব্য করেন রামিরেজ। কোনো প্রতিষ্ঠান ভোক্তার ব্যক্তিগত তথ্যের প্রতি সম্মান প্রদর্শন না করলে, তারা ভোক্তার বিশ্বাস হারাবে বলেও মন্তব্য করেন তিনি।
