২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিইএস ২০১৫: সাইক্লিস্টদের জন্য পণ্য

সাইকেল চুরি হলে সে বিষয়ে সম্পর্কিত যাবতীয় তথ্য মালিককে জানাবে স্মার্ট পেডল, আর দূর্ঘটনার ব্যাপারে সাইকেল চালককে আগাম সতর্ক করবে হেলমেট। স্মার্ট পেডলটি তৈরি করেছে ফরাসী প্রতিষ্ঠান ‘কানেক্টেড সাইকেল’। আর অভিনব হেলমেটের প্রটোটাইপ তৈরি করেছে সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বিবিসি জানিয়েছে, সাইক্লিস্টদের জন্য এই নতুন ডিভাইস দুটি উন্মোচন করা হয়েছে লাস ভেগাসে চলতি কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৫-তে।

দেখতে সাধারণ পেডল-এর মতো হলেও ‘কানেক্টেড সাইকেলের তৈরি স্মার্ট পেডল-এ আছে জিপিএস, জিপিআরএস সংযোগ ও বিল্ট-ইন সেন্সর যা সাইকেল চুরির পর তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা রাখা হয়েছে সে সম্পর্কিত তথ্য মালিককে জানাবে।

এ প্রসঙ্গে কানেক্টেড সাইকেলের প্রতিষ্ঠাতা জ্যঁ-ম্যারি ডুব্যাশ জানিয়েছেন, সাইকেলের প্রত্যেকটি তথ্য ক্লাউডে জমা হবে এবং স্মার্টফোন অ্যাপে সেগুলো দেখা যাবে। আসল মালিক যাতে তথ্যগুলো পান, সে ব্যাপারটি নিশ্চিত করতে পেডলটিতে ‘কোডেড কি’ ব্যবহার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, বর্তমানে ক্রাউড-ফান্ডিংয়ের মাধ্যমে স্মার্ট পেডল বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছে কানেক্টেড সাইকেল।

অন্যদিকে ভলভো নির্মিত প্রটোটাইপ হেলমেটটি কোনো যানবাহন সাইকেলের খুব কাছে চলে আসলে বা দূর্ঘটনা ঘটতে পারে এমন স্থানে সাইকেলটি অবস্থান করলে, সাইকেল আরোহীকে দ্রুত সতর্ক করে দেবে।

সাইকেলের অবস্থান ও গতি ট্র্যাক করে থাকে এমন স্মার্টফোন ফিটনেস মনিটরিং অ্যাপের সাহায্যে হেলমেটটি কাজ করবে। অ্যাপের সব তথ্য নিকটস্থ ভলভো গাড়িতে শেয়ার হবে ও দূর্ঘটনা এড়ানোর স্বার্থে গাড়ির চালককে ডিসপ্লেতে সতর্ক করবে এবং প্রয়োজনে প্রক্রিয়াটি গাড়ির ব্রেকের নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম বলে জানিয়েছে বিবিসি।

প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা অনুযায়ী স্মার্ট হেলমেটটি গাড়ি ও সাইকেলজনিত দূর্ঘটনা ৫০ শতাংশ রোধ করতে সক্ষম বলে দাবি করেছেন ভলভোর মুখপাত্র ক্লাস বেনডিক।