২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ও সংখ্যালঘুদের জন্য ইনটেল তহবিল

গেইমিং ও প্রযুক্তিশিল্পে নারী ও সংখ্যালঘুদের অংশগ্রহনের সুযোগ বাড়াতে ৩০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে শীর্ষ কম্পিউটার চিপ নির্মাতা ইনটেল। লাস ভেগাসে চলতি কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৫-তে নতুন পরিকল্পনার ঘোষণা দেন ইনটেল প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিচ।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 05:47 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সিইএসে নিজের বক্তব্যে ইনটেলের আভ্যন্তরীন পরিবর্তন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও জানান ক্রাজানিচ। “নিজ প্রতিষ্ঠান এবং শিল্পে নারী-পুরুষ ও সংখ্যালঘুদের পর্যাপ্ত সুযোগ না দেয়া পর্যন্ত এটা বলা যথেষ্ট নয় যে, আমরা বৈচিত্রের মূল্য বুঝি”।-- সিইএসে বলেন ক্রাজানিচ।

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ‘লিঙ্গ-বৈচিত্রবিষয়ক প্রতিবেদনগুলো’ অনুযায়ী সিংহভাগ প্রতিষ্ঠানেই এখনও পুরুষ ও শেতাঙ্গ কর্মীদের আধিক্য রয়েছে। মহিলা গেইমার এবং প্রোগ্রামারদের প্রতি সাম্প্রতিক নেতিবাদক প্রতিক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি।

নারী ও সংখ্যালঘুদের নিয়ে ইনটেলের ‘ডাইভারসিটি প্ল্যান’-এর আওতায় থাকছে:

১. ২০২০ সালের মধ্যে প্রতিষ্ঠানটির সবগুলো পর্যায়ে সবার সমান উপস্থিতি নিশ্চিত করা।

২. নিয়মিত এই পরিকল্পনার অগ্রগতি পর্যবেক্ষণ করা।

৩. পরিকল্পনার সাফল্য নিশ্চিত করতে শীর্ষ কর্মকর্তাদের বেতন-ভাতা এই বিষয়ে প্রতিষ্ঠানের অগ্রগতির উপর নির্ভরশীল রাখা।