২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিচ-রিকগনিশন স্টার্টআপ ফেইসবুকের

স্পিচ-রিকগনিশন স্টার্টআপ উইট ডটএআই কিনেছে সামাজিক মাধ্যম ফেইসবুক। কেনার বিষয়টি নিশ্চিত করলেও দুটি প্রতিষ্ঠানের কোনোটিই এখনও নিজেদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কিছু জানায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 05:38 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, উইট ডটএআইয়ের ‘স্পিচ ও টেক্সটকে ডেটায় রূপান্তর’ দক্ষতার প্রশংসা করেছে ফেইসবুক।

স্টার্টআপ প্রতিষ্ঠান উইট ডটএআই জানিয়েছে, তাদের বর্তমান যে প্ল্যাটফর্ম আছে সেটিই বজায় থাকবে। বিশ্লেষক সংস্থা ওভামের পামেলা ক্লার্ক-ডিকসন জানিয়েছেন, স্টার্টআপটি ফেইসবুকের ভয়েস মেসেজিং পদক্ষেপ এবং এমনকি গৃহস্থালি পণ্যেও ভয়েস নিয়ন্ত্রণে নির্দেশকের ভূমিকা পালন করতে পারে।

ফেইসবুক তাদের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজিং সেবার সমস্যা নিরসনেও স্টার্টআপটির দক্ষতা ব্যবহার করতে পারে বলে জানান ক্লার্ক-ডিকসন। তবে তার ধারণা ফেইসবুক ও উইট ডটএআই মিলে যে সেবাই আনুক না কেন তা মাইক্রোসফটের স্কাইপ বা অ্যাপলের সিরির মতো সেবার চেয়ে ভালো হবে।

স্টার্টআপটির প্রতিষ্ঠাতা অ্যলেক্স লিব্রান জানিয়েছেন, ফেইসবুকের মেধা ও মানবসম্পদ তাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে সহায়তা করবে।

অন্যদিকে ফেইসবুকের এক মুখপাত্র বলেছেন, “উইট ডটএআই শক্তিশালী কিন্তু সহজ এমন সাধারণ ভাষার এপিআই গড়ে তুলেছে যা ডেভলপারদের স্পিচ ও টেক্সটকে ডেটায় পরিণত করার ক্ষেত্রে সহায়তা করেছে। আমাদের সঙ্গে তাদের পেয়ে আমরা আনন্দিত।”

ফেইসবুক, উইট ডটআই কেনার বিষয়টি নিশ্চিত করলেও, এতে ঠিক কী পরিমাণ অর্থের লেনদেন হয়েছে সে বিষয়ে দুটি প্রতিষ্ঠান কোনোটিই কিছু জানায়নি বলে জানিয়েছে বিবিসি।